হাইমচরে চুরি মামলায় গ্রেপ্তার-১

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের হাইমচর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মোঃ মজিবর রহমান পাটোয়ারী (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) গভীর রাতে হাইমচর থানাধীন পশ্চিম চরকৃষ্ণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মজিবর রহমান পাটোয়ারী হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর (পাটওয়ারী বাড়ি) মো. দেলোয়ার হোসেন পাটোয়ারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর হাইমচর থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় একটি চুরির মামলা (এফআইআর নম্বর- ২৯, জিআর নম্বর- ২৫৫) রুজু হয়। ওই মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মো. মজিবর রহমান পাটোয়ারীর সম্পৃক্ততা পাওয়া যায়।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলমের দিকনির্দেশনায় এবং এসআই ফারুক উল ইসলাম ও এসআই প্রিয়লাল ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল ৩ অক্টোবর রাত ২টা ৪৫ মিনিটের দিকে পশ্চিম চরকৃষ্ণপুর চৌরাস্তা সংলগ্ন নাসির পাটওয়ারীর বন্ধ মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

হাইমচর থানার পুলিশ জানায়, শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটককৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।