চাঁদপুরে ৩৩ হাজার ভোল্টের তারে ভয়াবহ দুর্ঘটনা ॥ আহত দুই শিশু

স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে দুই শিশু। খেলতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তাদের শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। চাঁদপুর শহরের মিশন রোড এলাকার আরএস টাওয়ারের পাঁচতলার বাসায় ঘটে এই ঘটনা। আহতরা হলেন: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মোঃ ফরহাদ হোসেনের মেয়ে ফাইজা ও একই উপজেলার সুমনের ছেলে সাব্বির।

জানা যায়, শনিবার দুপুরে বারান্দায় খেলছিল ছয় বছরের ফাইজা ও চার বছরের সাব্বির। এ সময় বারান্দার পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে তারা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু বারান্দার গ্রিলের সঙ্গে আটকে যায়। এতে তাদের শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হয়।

পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।