স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) চৌধুরীঘাট, মদিনা শপিং কমপ্লেক্স ও জি এম সেনগুপ্ত রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা এবং লাইসেন্স ছাড়া ফুড সাপ্লিমেন্ট ও বিভিন্ন ধরনের ক্যালসিয়াম বিক্রির অপরাধে রেড রোজ কসমেটিকসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করে পাকানোর অপরাধে মেসার্স ভাই ভাই স্টোরকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে আলম খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্তরা স্বেচ্ছায় পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।
অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


