শাহতলীতে মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এক্সপ্রেস ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল ৪ অক্টোবর (রবিবার) বিকেল ৪টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।

তিনি বলেন, টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করছে। খেলা যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে একটি শৃঙ্খলা কমিটি গঠন করা যেতে পারে। ফুটবল খেলায় রেফারির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেফারি যে সিদ্ধান্ত দেবেন, তা সবাইকে মেনে নিতে হবে। খেলায় হার-জিত থাকবেই।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। যেখানেই মাদক ব্যবসায়ীদের সন্ধান পাওয়া যাচ্ছে, সেখানেই পুলিশ পাঠানো হচ্ছে। মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে রয়েছি। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সঠিক পথে আনার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি তাদের পুনর্বাসনের উদ্যোগও নিতে হবে। আমরা সবাই মিলে শাহমাহমুদপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে চাই এবং একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এর মাধ্যমে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। যুবসমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মোশারফ কারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাকের খন্দকার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ এবং জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু ও দেলোয়ার হোসেন দুলু, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মজিব কারী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. শান্ত গাজী, ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইব্রাহীম খলিলসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য নেতৃবৃন্দ।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ছয়টি দল অংশ নেয়। এদিন মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মিজি এফসি ও চাঁদপুর এফসি, দ্বিতীয় ম্যাচে চৌধুরী এফসি ও দুরন্ত বাবুরহাট এবং তৃতীয় ম্যাচে একতা স্পোর্টিং ও বাবুরহাট পরস্পরের মুখোমুখি হয়।

স্থানীয় যুবসমাজকে খেলাধুলামুখী করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তাদের দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে শাহতলী ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়দের জন্য একটি ফুটবল তুলে দেন সোহেল রুশদী।