স্টাফ রিপোর্টার
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁদপুরে পুলিশ সুপারের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের খায়রুল কবিরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী কোনো পুলিশ ও আনসার সদস্যকে আয়োজকদের পক্ষ থেকে টাকা বা খাবার দেওয়া যাবে না। এ ডিউটির জন্য সরকার তাদের অর্থ দিয়ে থাকে।
তিনি বলেন, তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার ভগবাননগর। ছোটবেলা থেকেই তিনি নিজ এলাকায় দুর্গাপূজা দেখে আসছেন। তিনি প্রতিটি থানার অফিসার ইনচার্জকে পূজাকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি নিজেও বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
পুলিশ সুপার বলেন, প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজার্চনা অনুষ্ঠিত হোক-এটাই তার প্রত্যাশা। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারলে আগামী বছর আরও ভালোভাবে পূজা আয়োজন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আজ থেকেই মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আবারও কার্যক্রম শুরু করা হবে। চাঁদপুরের বাইরের জেলা থেকে যেসব পূজামণ্ডপে প্রতিমা আনা হবে, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নুর, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সিনিয়র সহসভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, পরেশ মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সদস্য সচিব মানিক ঘোষ, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দাস, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল রঞ্জন মজুমদার, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণী ভূষণ মজুমদার তাফু, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয় এবং মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী শিপ্রা মজুমদারসহ অন্যরা।


