স্টাফ রিপোর্টার
কচুয়ায় মাদক কারবার, অটোরিকশা ও বাড়ির মালামাল চুরির ঘটনায় সামাজিকভাবে প্রতিবাদ করায় এলাকাবাসীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নাউলা চৌরাস্তা মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন প্রধান ও ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আজিজুল ইসলামকে জড়িয়ে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহ আলম পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক ডা. আব্দুল কাদের, শ্রীরামপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মনির হোসেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. কাউছার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক গাজী শাহ আলম ও বিএনপি নেতা ফারুক হোসেন প্রমুখ।
এ সময় এলাকাবাসী রাসেল ও রাশেদা বেগমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে তাঁদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে নাছির উদ্দিন প্রধান ও আজিজুল ইসলামকে জড়িয়ে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।


