কচুয়ার রসুলপুরে সড়কের পাশ থেকে গাড়ির হেলপারের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের চাঁদপুরের কচুয়া উপজেলার রসুলপুর এলাকা থেকে আমির হোসেন নামে এক গাড়ির হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সামনে সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত আমির হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা গ্রামের হাজিবাড়ির আজিজুর রহমানের ছেলে। তিনি পেশায় গাড়ির হেলপার ছিলেন।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক জানান, বুধবার সন্ধ্যা থেকে আমির হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সড়কের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।