মানিক দাস
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত চাঁদপুর ড্রামার দপ্তর সম্পাদক খাইরুজ্জামান পিপলের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬ নম্বর উপাদী ইউনিয়নের পিংরা গ্রামের তপাদার বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। খাইরুজ্জামান পিপল পিংরা গ্রামের তপাদার বাড়ির মরহুম আব্দুল খালেক মাস্টারের মেজো ছেলে।
জানাজায় নিহতের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রিয়জনকে শেষ বিদায় জানাতে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, সিলেট-ঢাকা মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকা ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দুই ব্যক্তি নিহত হন। তাঁদের মধ্যে খাইরুজ্জামান পিপলও ছিলেন।


