হাজীগঞ্জে মাদক বিরোধী র‌্যালি

স্টাফ রিপোর্টার

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্বপুর উত্তর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদক বিরোধী সামাজিক আন্দোলন ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। মঙ্গলবার (১১ অক্টোবর) ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৯নং গন্ধর্বপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নূরুর রহমান বেলাল। প্রধান অতিথি ছিলেন, হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূইয়া। এছাড়াও উপস্থিত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার, ইউনিয়ন যুবদলের সভাপতি মহিনউদ্দিন মাঈনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।বক্তারা মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতার আহ্বান জানান। তারা বলেন, মাদকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মাদক মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।