দুর্গাপূজা ঘিরে পুলিশের সতর্ক থাকার নির্দেশ

স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে চাঁদপুরের পূজামণ্ডপগুলোতে সতর্ক নজরদারি ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ।
রোববার সন্ধ্যা ৭টায় চাঁদপুর মডেল থানার হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিয়া নুর। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।
নাদিয়া নুর বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকদের তালিকাসহ রেজিস্টার রাখতে হবে এবং তাঁদের নির্ধারিত পোশাকের ব্যবস্থা করতে হবে। মণ্ডপে জরুরি যোগাযোগের নম্বর দৃশ্যমান স্থানে রাখতে হবে। বিশেষ করে মেথা রোড ও পুরান বাজার দাসপাড়ার মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে।

তিনি আরও বলেন, পূজায় জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি থাকবে। শহরে পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক পুলিশকে জানাতে হবে। কিশোর গ্যাং দমনেও পুলিশ কাজ করছে।

চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই ফেরদৌস আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী ও পরেশ মালাকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর ও সদস্য সচিব মানিক ঘোষ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন সরকার জয়। এ ছাড়া বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা সভায় বক্তব্য দেন।