চাঁদপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

বড় স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার চাঁদপুর সদর মডেল থানাধীন বড় স্টেশন ক্লাব রোডের সামনে অভিযান চালিয়ে মধ্য তরপুরচণ্ডী এলাকার ভূইয়া বাড়ির মহসিন ভূইয়া (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ইয়াবা সেবন করে মাতলামি করা এবং ইয়াবা সেবনের সরঞ্জামসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মহসিন ভূঁইয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান প্রসিকিউশন দাখিল করেন। একই দিন একই এলাকায় অভিযান চালিয়ে যমুনা রোড ও রেলওয়ে ক্লাব রোড এলাকার মো. সুমন (৪৫) নামের আরও এক ব্যক্তিকে আটক করা হয়। ইয়াবা সেবন করে মাতলামি করা এবং ইয়াবা সেবনের সরঞ্জামসহ তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান প্রসিকিউশন দাখিল করেন।