বিশ্ব শিশু দিবসের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, চাঁদপুরের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় তিনি বলেন, তোমাদের প্রতিটি পরিবেশনা আমাদের ভীষণ ভালো হয়েছে। আমাদের মনে হয়েছে, আমরা চাঁদপুরের নতুন শিল্পীদের সব জায়গাতেই খুঁজে বেড়াই। এ মঞ্চ থেকে আমরা অনেককেই নতুন করে চিনেছি, যারা ভালো গান করে, ভালো নাচ করে, ভালো আবৃত্তি করে। তাদেরকে আমরা শনাক্ত করেছি। তাদেরকে আমরা ইনশাআল্লাহ আরও বড় মঞ্চে পরিবেশনার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, বিশ্ব শিশু দিবস ও বিশ্ব কন্যাশিশু দিবস সফল হোক। আমাদের সকল শিশু সকল অধিকার নিয়ে ভালোভাবে বাঁচুক, ভালোভাবে থাকুক, দেশের জন্য কাজ করুক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মেদ সোহেল আমিন সাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা ও সাংস্কৃতিক সংগঠক লিটন ভূঁইয়া।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন একাডেমির সংগীত প্রশিক্ষক ও সংগীত পরিচালক রুমা সরকার, নৃত্য প্রশিক্ষক অভিজিত রায়, তবলা সংগতিতে সৈকত মজুমদার সিজার এবং আবৃত্তি প্রশিক্ষক আক্রাম খান ও অন্তরা বিনতে জাকির মাহা।