স্টাফ রিপোর্টার
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিজ্ঞানীদের সাথে ইলিশের উৎপাদন হ্রাসের কারণ অনুসন্ধান এবং উৎপাদন বৃদ্ধির উপায় খুঁজতে কাজ করছে সরকার। মঙ্গলবার দুপুরে চাঁদপুরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ বাস্তবায়ন উপলক্ষে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ ও জনসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নদীতে নাব্যতা সংকট, দূষণ, ডুবোচর সহ নানা কারণে কমেছে ইলিশের সরবরাহ। তবে তার মাঝে শুধু সরকারি উদ্যোগে ইলিশের উৎপাদন বাড়ানো সম্ভব নয়। এজন্য মা ইলিশ ও জাটকা ইলিশ রক্ষায় জেলেদের সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়ানো সম্ভব। এসময় তিনি অভয়াশ্রম বাস্তবায়নে জেলেদের খাদ্য সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের কথা জানান মন্ত্রী। এর আগে নদীতে অভিযান পর্যবেক্ষণ করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, নদীতে চর জেগে ওঠার কারণে ইলিশের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তবে উৎপাদন হ্রাসের পেছনে ঠিক কোন কোন বিষয় দায়ী, তা গবেষণার মাধ্যমে নির্ণয় করা হবে। একই সঙ্গে ইলিশের উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার।
তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ ও জাটকা নিধন রোধে জেলে সম্প্রদায়কে সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং এ দেশের নদীর ইলিশ স্বাদে-গুণে বিশ্বজুড়ে অনন্য। এই সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সবাইকে সচেতন হতে হবে।
সভায় জানানো হয়, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের জীবনযাত্রার মানোন্নয়নে শীঘ্রই নতুন একটি প্রকল্প গ্রহণ করা হবে। এ প্রকল্পের মাধ্যমে জেলে সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ-সুবিধা সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তর মহাপরিচালক মোঃ খালেদ কনক, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিমসহ মৎস্যজীবীরা ও বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।


