হারিনায় স্কুলছাত্রীকে নিয়ে পালানোর সময় যুবক আটক

স্টাফ রিপোর্টার

কুমিল্লার চাঞ্চল্যকর শিক্ষার্থী তাসমিন হত্যাকাণ্ডের আবহ কাটতে না কাটতেই চাঁদপুরে এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার পথে জনতার হাতে আটক হয়েছেন এক সনাতন ধর্মাবলম্বী যুবক। সোমবার (১২ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় মাদক সন্দেহে স্থানীয় জনতা তাদের বহনকারী প্রাইভেটকারটি আটক করে। পরে পরিচয় ও বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে তাদের হরিণা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত যুবকের নাম সাগর বিশ্বাস (২৮)। সে মাগুরা সদর উপজেলার সঙ্গাভাঙ্গা গ্রামের বিপুল বিশ্বাসের ছেলে। তার সাথে থাকা প্রাইভেটকার চালক মোহাম্মদ মনির হোসেনের (মোহাম্মদপুর, মাগুরা) ব্যবহৃত গাড়িটিও (ঢাকা মেট্রো-গ ১২-৬৪৪১) জব্দ করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে হরিণা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরি জানান, হরিণা ফেরিঘাটে স্কুলের পোশাক পরা এক কিশোরীকে নিয়ে প্রাইভেটকারে যাতায়াত করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে মূল ঘটনা। ১৪ বছর বয়সি ওই কিশোরী চাঁদপুর সদর উপজেলার বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

জিজ্ঞাসাবাদে সাগর বিশ্বাস স্বীকার করে, মোবাইল ফোনের মাধ্যমে ওই স্কুলছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সে মাগুরা থেকে এসে মেয়েটিকে প্রাইভেটকারে তুলে নিয়ে যাচ্ছিল।

সামাজিক মাধ্যমে কুমিল্লায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত তাসমিন হত্যাকাণ্ডের প্রসঙ্গে উল্লেখ করে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, সচেতন জনতা সময়ে পদক্ষেপ না নিলে হয় তো এই কিশোরীকে নিয়েও আরও বড় ধরনের কোনো দুর্ঘটনার অঘটন ঘটে যেত। সচেতনতার কারণেই অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে মেয়েটি।

এ ঘটনায় স্কুলছাত্রীর মা সাজেদা বেগম বাদী হয়ে চাঁদপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে ফুসলিয়ে অপহরণের চেষ্টার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআই ইকবাল।