স্টাফ রিপোর্টার
বিদেশি কসমেটিকস ও শিশুদের পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা এবং নিজেই বিভিন্ন আমদানিকারকের স্টিকার লাগিয়ে পণ্য বাজারজাত করার অপরাধে চাঁদপুরের এ. এস. এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) চাঁদপুর শহরের নাজিরপাড়া ও বিপণীবাগ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে প্রতিষ্ঠানটি। একই ধরনের অনিয়ম পুনরায় না করার অঙ্গীকারও করে তারা। এ সময় বিভিন্ন আমদানিকারকের স্টিকার ধ্বংস করা হয়।
অভিযানের অংশ হিসেবে এলাকার অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


