চাঁদপুরে মা ইলিশ রক্ষা কোস্টগার্ডের ৬ দিন ,৪৪ জেলে আটক ॥ জাল জব্দ

স্টাফ রিপোর্টার

মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে কোস্টগার্ড। অভিযানের প্রথম ছয় দিনে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের অভিযোগে ৪৪ জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় সাড়ে চার লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১৬টি নৌকা ও ৯০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে ৩৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে কোস্ট গার্ড জানায়, গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে চাঁদপুরের নদ-নদীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে মোট ৪ লাখ ৬৯ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার টাকা। এ ছাড়া ১৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মুহতাদীন ইসলাম জানান, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নদীতে টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, অভিযানের পাশাপাশি জেলেদের সচেতন করতে নদীতীরবর্তী এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।