ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে পরিত্যক্ত বসতঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে আবুল হোসেনের একটি পরিত্যক্ত বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৪ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলি এলাকার বরকন্দাজ বাড়িতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে বরকন্দাজ বাড়ির আবুল হোসেনের পরিত্যক্ত বসতঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালানোর পাশাপাশি খবর দেন ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে।

খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা কামরুল হাসানের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই ঘরের অবকাঠামোসহ ভেতরে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়েনি।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত আবুল হোসেন জানান, অগ্নিকাণ্ডের সময় তিনি কাজের জন্য ঢাকায় ছিলেন। ঘরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুন এত ভোরে লাগায় কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল জানালেও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তিনি জানাতে পারেননি।