স্টাফ রিপোর্টার
জনদুর্ভোগ, অনিয়ম ও সেবার মান যাচাই করতে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আকস্মিক অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পাসপোর্ট অফিসে গিয়ে তিনি সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং অফিসের সার্বিক পরিবেশ ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় অনিয়ম ও দালালদের তৎপরতার অভিযোগে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।
অভিযানকালে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের ভোগান্তি ও বিভিন্ন অভিযোগ শোনেন সংসদ সদস্য। পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানি, অনিয়ম কিংবা দালালের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি। পাশাপাশি সেবার পরিবেশ উন্নত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় কয়েকজনকে দালাল হিসেবে চিহ্নিত করে কর্মরত আনসার সদস্যদের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয় বলে জানা গেছে। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অভিযানকালে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. বজলুর রশিদকে পাওয়া যায়নি। তিনি ছুটিতে ছিলেন বলে জানা গেছে।
অভিযান শেষে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুর পাসপোর্ট অফিস থাকবে দালালমুক্ত। আমি প্রতি শুক্রবার সাধারণ মানুষের সঙ্গে বসি, তাঁদের সঙ্গে কথা বলি। তাঁদের অনেকেই এই পাসপোর্ট অফিসের দুর্নীতির কথা বলেন। আজ পাসপোর্ট অফিসে এসে যা দেখলাম, তাতে মনে হলো এখানকার পরিবেশ ভালো নয়। এখানকার পরিবেশ উন্নতির জন্য সবার সহযোগিতা দরকার।
তিনি আরও বলেন, সাংবাদিকেরা যেন সপ্তাহে অন্তত দুবার পাসপোর্ট অফিসে গিয়ে খোঁজখবর নেন। তারা দুর্নীতিমুক্ত পাসপোর্ট অফিস চান বলেও উল্লেখ করেন তিনি।
সাধারণ মানুষের পাসপোর্ট-সংক্রান্ত সেবা সহজ করা, হয়রানি বন্ধ এবং দালালের তৎপরতা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে-এমন প্রত্যাশা জানিয়েছেন সেবাপ্রার্থীরা।


