স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি তথ্য জানান।
ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি আরো বলেন, জাতীয়করণের জন্য কলেজটি উপযুক্ত ও যোগ্য। ৬.৩৩ একরের বিশাল ক্যাম্পাস সবুজ বনায়ন ও সুন্দর মসজিদ রয়েছে। জাতীয়করণ ছাড়া তেমন কোন কাজ নেই এ কলেজে। হাজীগঞ্জ ডিগ্রি কলেজ আমার খুব কাছের। তাই এ কলেজের জন্য আমার দায়বদ্ধতাটাও বেশি।
এসময় তিনি কলেজে বছরে অন্তত ৩ বার শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক অনুষ্ঠানের আয়োজনের করার আহ্বান জানান এবং বিতর্ক অনুষ্ঠানের সকল খরচ তিনি বহন করবেন বলে আশ্বাস দেন।
কলেজের নবীনবরণ উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী ও দেশের বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেন।
কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোওয়ারী।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোস্তফা মজুমদার সুমন ও এমরান হোসেন, এলাকাবাসীর পক্ষে খোরশেদ আলম ভুট্টু, শিক্ষকদের মধ্যে মোহাম্মদ মাকছুদুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নুরজাহান আক্তার ও ইউসা তাহমিন ঐশি এবং পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী আল কাউছার বেপারী ও গীতা থেকে পাঠ করেন পিয়াল দাস। এরপর উত্তরণ শিল্পীগোষ্ঠী পরিবেশনায় উপস্থিতির সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের গুণীজন ও কলেজের দাতা সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষীদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।
উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, তৌহিদা আক্তার ও মাসুদুর রহমানের যৌথ উপস্থাপনায় দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ, আলোচনা সভা, নৃত্য, ছড়া ও কবিতা আবৃত্তি, একক অভিনয় এবং ঢাকা থেকে আগত ক্লোজআপ ওয়ান বিজয়ী শিল্পীদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


