স্টাফ রিপোর্টার
শাহরাস্তিতে পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন ও টামটা দক্ষিণ ইউনিয়নে এসব অভিযান পরিচালনা করে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শেখ রায়হানুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের প্রথম পর্যায়ে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন-পিরোজপুর সদর উপজেলার নামাজপুর এলাকার তোফাজ্জল আকনের ছেলে মোঃ গোলাম রাব্বি আকন (২৫), কচুয়া উপজেলার পিপলকরা এলাকার জাকির হোসেন পাটোয়ারীর ছেলে মোঃ আব্দুল কাদের (২৭) এবং একই উপজেলার পিপলকরা এলাকার সাদেক আলীর ছেলে মোঃ রুবেল হোসেন (৩২)। এ সময় তাদের হেফাজত থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর এফআইআর-১৬, তারিখ ১৫ অক্টোবর ২০২৬ এবং জিআর নম্বর ৩৩২।
অপরদিকে, একই দিন উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকায় এনাম মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে নাহিদুল ইসলাম (৩৩) নামে একজনকে আটক করা হয়। তিনি শাহরাস্তি উপজেলার কুলশী গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায়ও শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর এফআইআর-১৭, তারিখ ১৫ অক্টোবর ২০২৬ এবং জিআর নম্বর ৩৩৩।
পুলিশ জানায়, আটক চারজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।


