স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরি, পিপিএম।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় চাঁদপুরে পৌঁছে তিনি প্রথমে শহরের শ্রীশ্রী কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিদর্শন খাতায় এ বিষয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।
এ সময় ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। আমরা সবাই আনন্দের সঙ্গে শারদীয় দুর্গোৎসব পালন করব। আপনারা দেখেছেন, আমরা মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে কাজ করছি। পূজা উপলক্ষে সারা দেশের পুলিশ বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া চাঁদপুরের পুলিশ সুপার অত্যন্ত দক্ষ। তাকে আলাদা করে কিছু বলার প্রয়োজন হয় না; তিনি নিজ উদ্যোগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আমরা সবাই আনন্দ-উৎসবের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব পালন করব।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান।স্বাগত বক্তব্য দেন কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সদস্যসচিব গোপাল সাহা এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিয়া নুর, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফয়েজ আহমেদ, দ্বিতীয় কর্মকর্তা ফেরদৌস আলম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি পরেশ মালাকার এবং পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নেপাল সাহা।


