চাঁদপুরে লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

স্টাফ রিপোর্টার

মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে চাঁদপুরে লালন স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা।

লালন স্মরণানুষ্ঠানে লালন সাঁইয়ের গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুমাইয়া সুচনা, হৃদয় কর্মকার, প্রিয়ন্তি রক্ষিত, শ্রাবণ দাস, বিকাশ দে, শিহাব, মমতাজ, প্রত্যাশা, মাকছুদুল ইসলাম ও সুস্মিতা বণিক। তাঁদের পরিবেশনায় মিলনায়তনে লালনসংগীতের আবহ তৈরি হয়।
অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন লিটন ভূঁইয়া। পরিচালনায় ছিলেন সিয়াম খান ও মরিয়ম মাহি। তবলা সংগত করেন স্বাধীন দত্ত, খমকে পিপল দাস, ব্যঞ্জে বর্ণ, হারমোনিয়ামে কণ্ঠশিল্পী স্বজন সাহা, ডুগি-ঢোলে শিপন খান এবং মন্দিরা ও জিপসিতে রশিদ।

মঞ্চসজ্জায় ছিলেন রাজীব দাস। অনুষ্ঠান সমন্বয় করেন মোবারক শিকদার ও সিয়াম খান। আলোকসম্পাদনায় ছিলেন লিটন ভূঁইয়া ও শান্ত সূত্রধর।