চাঁদপুরে দুর্গাপূজা মণ্ডপে মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী বার্তা

স্টাফ রিপোর্টার

উৎসবের আলোয় দেবী দুর্গার আরাধনার পাশাপাশি মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজকে সচেতন করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চাঁদপুর শহরের পুরানবাজারের দাসপাড়া দুর্গাপূজা মণ্ডপ কমিটি। মণ্ডপের এক পাশে মাদকের ছোবলে জীবন ও পরিবার ধ্বংসের চিত্র, অন্য পাশে মাদকমুক্ত জীবনের সুফল তুলে ধরা হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ, মাদকমুক্ত করবো দেশ’-এই স্লোগানে যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষার আহ্বান জানানো হয়েছে।

মণ্ডপের এমন ব্যতিক্রমী আয়োজন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিমা দর্শন ও উৎসবের আনন্দের পাশাপাশি মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ।

একটি নেশা কেড়ে নিতে পারে একটি জীবন, ভেঙে দিতে পারে একটি পরিবার, ধ্বংস করতে পারে একটি প্রজন্মের স্বপ্ন। মাদকের এই ভয়াবহ পরিণতি প্রতীকী উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছে দাসপাড়া দুর্গাপূজা মণ্ডপ কমিটি। মণ্ডপের এক পাশে দেখানো হয়েছে মাদকের কারণে মানুষের জীবন বিপর্যস্ত হওয়ার চিত্র, অন্য পাশে তুলে ধরা হয়েছে মাদকমুক্ত জীবনের সুফল। সুস্থ জীবনচর্চার মাধ্যমে সুন্দর পরিবার ও নিরাপদ সমাজ গড়ে তোলার বার্তাও দেওয়া হয়েছে এ আয়োজনে।

শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান কিংবা উৎসবের আনন্দে সীমাবদ্ধ না থেকে মণ্ডপটি যেন পরিণত হয়েছে সামাজিক সচেতনতার মঞ্চে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আয়োজকদের স্পষ্ট বার্তা-মাদক নয়, জীবন বেছে নিন।

দাসপাড়া দুর্গাপূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস বলেন, গত কয়েক বছর ধরেই তারা পূজার আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয় তুলে ধরছেন। এবার মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকবিরোধী কার্যক্রমে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য।

মাদকের বিরুদ্ধে এ ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করেছেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক নাজিম। তার মতে, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য পরিবার, সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

প্রায় এক মাসের প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী জয় ঘোষ ও বিনয় ঘোষের সহযোগিতায় ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের এই ব্যতিক্রমী আয়োজন।

চাঁদপুর জেলায় এ বছর ২৩২টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। উৎসবের আনন্দের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতামূলক এমন উদ্যোগ ছড়িয়ে পড়ুক জেলার প্রতিটি পূজামণ্ডপ ও পরিবারে-এমন প্রত্যাশা আয়োজক ও দর্শনার্থীদের।