শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ঘিরে আলোচনা

স্টাফ রিপোর্টার

শাহরাস্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীও ভিডিওটি নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে মঙ্গলবার ভোরে মুদাফফরগঞ্জ-চিতোষী সড়কে মিছিলটি বের করা হয়। পরে দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি পোস্ট করেন সুজন।

ভিডিওটি পোস্ট করার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা সুজনকে স্বাগত জানিয়ে সেটি নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করেন।

এ বিষয়ে শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন জানান, লাকসাম, মনোহরগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সকালে মিছিল বের করে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মিছিলের ভিডিওর লিংক পেয়েছি। মিছিলটি আগেই অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মঙ্গলবার স্যোশাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করা হয়েছে। শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চণ্ডীপুর এলাকায় মিছিলটি হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।

ওসি আরও জানান, দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ ব্যস্ত থাকার সুযোগে মিছিলটি করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।