স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মতলব দক্ষিণ উপজেলার খাঁদেরগাঁও ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। স্থানীয় সংসদ সদস্য এবং মতলব পৌরসভার মেয়র এনামুল হক বাঁধনের নির্দেশনায় এই পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়।
মণ্ডপসমূহ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খাঁদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কে.এস.এম. বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম মাওলা জিলানী তালুকদার, মজিবুর রহমান মুন্সী, তাপস, সুমন সরকার, জীবন বিশ্বাস এবং মিঠুন কীর্তনীয়াসহ অন্যান্য কর্মীবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ খাঁদেরগাঁও ইউনিয়নের ৫টি পূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রতিটি মন্দির কমিটিকে আর্থিক অনুদান প্রদান করা হয় এবং ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে পাশে থাকার ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
মণ্ডপ কর্তৃপক্ষের সাথে আলাপকালে বিএনপি নেতৃবৃন্দ এলাকার ধর্মীয় সম্প্রীতি ও সার্বিক উন্নয়নে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অবকাঠামোগত উন্নয়নে তারা এলাকায় একটি ঘাটলা, নতুন রাস্তা এবং একটি পূজা মণ্ডপ ভবন তৈরি করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন।
বক্তব্যে বিএনপি নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা এলাকার সর্বাত্মক উন্নয়নে কাজ করে যাব। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা সমস্যা তৈরি করতে চায়, তবে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে।
পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেতাকর্মীদের এই আর্থিক অনুদান, আন্তরিক উদ্যোগ এবং সার্বিক সহযোগিতার আশ্বাসে গভীর সন্তোষ প্রকাশ করেন।


