স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে বিসর্জন ঘাটে আগত ভক্তদের মাঝে বিনামূল্যে পানি ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছে চাঁদের আলো সামাজিক সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা ফজরে রাব্বির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরদের মাঝে কয়েক হাজার বোতল পানি, শিশুদের জন্য জুস, চকলেটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
‘চলো মানুষের পাশে দাঁড়াই-একসাথে’ এবং ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতায় সুন্দর হোক আমাদের সমাজ’-এমন মানবিক স্লোগানকে ধারণ করে চাঁদের আলো সামাজিক সংগঠন বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে ঘাটে আসা ভক্তদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো, পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করার বার্তা তুলে ধরে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ফজরে রাব্বি, সুব্রত দত্ত, রাজিব চৌধুরী, মো. রানা শিকদার, হৃদয় বেপারী, এমডি সাগর পাটোয়ারী, শাহপরান, জিদান হোসেন বেপারী, শাহাদাত হাওলাদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


