কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার

‘নিরাপদ সড়ক সম্পৃক্ত দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় র‌্যালি, সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার সাচার বাজারে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন মজুমদারের নেতৃত্বে র‌্যালিতে সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তাঁরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা কচুয়া উপজেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন মজুমদার, সংগঠনের সাবেক সভাপতি ও সাংবাদিক জিসান আহমেদ নান্নু, সাচার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল, নিসচা কচুয়া উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক শাহ ইমরান খান, যুববিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সবুজ ও মহিলাবিষয়ক সম্পাদক মর্জিনা আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা জরুরি। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং পথচারীদের সতর্কতা অবলম্বনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে নিরাপদ সড়ক চাই সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।