সাগর আচার্য্য:
চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী মেহারন গ্রামের দালাল বাড়ি মতলব দক্ষিণ ২নং নায়েরগাঁও ইউনিয়নের সুনাম বহন করছে। এই বাড়িতে প্রতিবছরই লক্ষ্মীপূজায় ৩দিন ব্যাপী লক্ষ্মীর দশোরা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবছরেও অনুষ্ঠিত লক্ষ্মীপূজার জাকজমাকপূর্ণ লক্ষ্মীর দশোরা। তবে এবারের পূজার তিথী অন্যান্যবারের তুলনায় একটু ব্যতিক্রম হওয়ার কারণে এই আয়োজন চলে ৪দিন ব্যাপী। গত বুধবার (১৬ অক্টোবর) থেকে শুরু হওয়া এবারের লক্ষ্মীর দশোরা শেষ হয় গতকাল শনিবার (১৯ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে।
মেহারন গ্রামের দালাল বাড়ির লক্ষ্মীর দশোরার ঐতিহ্যের সুনাম পুরো বাংলাদেশ জুড়ে রয়েছে। এই অনুষ্ঠানে সামিল হতে আয়োজনের প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ ভীড় জমান সেখানে।
দুই কিলোমিটারের এই বাড়িতে বসবাস ৭ হাজার মানুষের। নাম শুনলে মনে হবে একটি বাড়ি মাত্র। কিন্তু দুই কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি গ্রাম নিয়েই যদি হয় একটি বাড়ি। ঘনবসতিপূর্ণ এই বাড়ির সবাই সনাতন ধর্মের অনুসারী। বাড়িতে একত্রে বসবাস করে ৩৬০টি পরিবারের প্রায় সাত হাজার মানুষ।
বাড়িতে গেলে দেখা যাবে বাড়িটিতে নেই হাঁটার রাস্তাটুকুও। একটি ঘরের সঙ্গে আরেকটি ঘর। কিন্তু লক্ষ্মীর দশোরায় এই বাড়িতে প্রতিবছর যেই পূজার্চনার আয়োজন করা হয় তা সত্যিই নজর কাড়ে এই বাড়িতে আশা দর্শনার্থীদের।
পুরো বাড়ির ভিতরে প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন সহশিক্ষাকেন্দ্র। ছোট বড় একাধিক উপাসনালয়। সেখানে রয়েছে জগন্নাথদেবের একটি মন্দির এবং একটি ইসকন মন্দির।


