স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
চাঁদপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব (এনডিসি) খোরশেদা ইয়াসমীন।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, দুদক আইনে দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধের বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলো কাজ করছে।
এসময় গণশুনানি এমন আয়োজনের সুফল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, দুর্নীতির অভিযোগ যত কম আসবে তখন বুঝা যাবে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমগুলোর কাজ হচ্ছে। গণশুনানীর এমন আয়োজনের কারণে দুর্নীতি দমন কমিশনে দুর্নীতির অভিযোগ কমে আসছে বলে দাবি করেন তিনি।
গণশুনানিতে মডারেটরের দায়িত্ব পালন করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা, দুর্নীতি দমন কমিশনের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মো. আক্তার হোসেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ অনেক।
গণশুনানিতে ৬৬টি অভিযোগের শুনানি ও দ্রুত এসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন কর্মকর্তাবৃন্দ।


