শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:
প্রবাসে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অপপ্রচারের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। গতকাল রোববার বিকেলে শাহরাস্তি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা তালুকদার বাড়ির বাসিন্দা মো. আশিক ইকবাল।
লিখিত বক্তব্যে আশিক ইকবাল অভিযোগ করেন, তার ভাই ফজলে রাব্বি সবুজ একজন মেডিকেল টেকনোলজিস্ট। প্রায় চার বছর আগে একই গ্রামের সাউথ আফ্রিকা প্রবাসী লোকমান হোসেন টিটু তাকে দক্ষিণ আফ্রিকায় নেওয়ার প্রস্তাব দেন। চুক্তি অনুযায়ী ভিসা ও অন্যান্য খরচ বাবদ টিটুকে ৭ লাখ টাকা দেওয়া হলেও তিনি সবুজকে বিদেশ পাঠাতে ব্যর্থ হন। দীর্ঘদিন পর টাকা ফেরত চাইলে টিটু বিভিন্ন অজুহাত দেখানোর পাশাপাশি হুমকি-ধমকি দিতে থাকেন। একপর্যায়ে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অভিযুক্ত টিটুর পক্ষ নিয়ে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে অবস্থান নেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গত ২৯ মে জুমার নামাজের পর আবদুল খালেক ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ দল তাদের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় পরিবারের চার সদস্যকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। একই সাথে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি।
বর্তমানে আহত ফজলে রাব্বি সবুজ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলার ঘটনায় তার মা ফরিদা ইয়াসমিন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে আশিক ইকবাল তাদের আত্মসাৎকৃত টাকা ফেরত পেতে এবং হামলা-লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


