স্টাফ রির্পোটার:
চাঁদপুরের শাহরাস্তিতে এক বখাটে যুবকের মিথ্যা মামলা ও নানামুখী নির্যাতনের হাত থেকে বাঁচতে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকশত নারী-পুরুষ।
শনিবার (৬ জুন ২০২৬) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা বাজারে এই অভূতপূর্ব বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, কোনো বখাটের বিরুদ্ধে শাহরাস্তিতে এলাকাবাসীর এমন স্বতঃস্ফূর্ত ও গণবিক্ষোভের ঘটনা এটাই প্রথম।
বিক্ষোভের মূল লক্ষ্য চিতোষী পূর্ব ইউনিয়নের বখাটে যুবক ফজলে রাব্বী সবুজ। সমাবেশে অংশ নেওয়া ভুক্তভোগী এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, সবুজ বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব বিস্তার করে এলাকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করতো। বর্তমানে সরকার পরিবর্তনের পরও সে রূপ পরিবর্তন করে এলাকায় নতুন করে প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে । সে এতটাই উগ্র প্রকৃতির যে, নিজের পিতা-মাতাকেও মারধর করেছে । এমনকি তার চরম নির্যাতনের শিকার হয়ে তার স্ত্রীও ঘর ছেড়ে চলে গেছে। সবুজের শাশুড়ি সমাবেশে উপস্থিত হয়ে জানান, সবুজের অমানষিক নির্যাতনের বিচার চেয়ে তারা ইতিমধ্যে আদালতে মামলাও দায়ের করেছেন।
সম্প্রতি আফ্রিকা প্রবাসী লোকমান হোসেন টিটুর ওপর সবুজের সন্ত্রাসী হামলা এবং উল্টো প্রবাসীর বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়েরের পর এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছায় । ভুক্তভোগী প্রবাসী লোকমান হোসেন জানান, তিনি আফ্রিকা থেকে দেশে ফেরার পর সবুজ তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২৯ মে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সবুজের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এই হামলায় লোকমান হোসেনসহ রবিন ও সাহেদ নামের আরও দুই যুবক গুরুতর আহত হন। অথচ এই ঘটনার পর উল্টো আহত প্রবাসীর নামেই মিথ্যা মামলা ঠুকে দেয় সবুজ, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী।
সমাবেশে এলাকার বাসিন্দা মো. আবদুল খালেক সবুজের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনে বলেন, সবুজ এর আগে বিকাশের মাধ্যমে প্রতারণা করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল। পরবর্তীতে স্থানীয়ভাবে গ্রাম্য সালিসের মাধ্যমে সেই টাকা উদ্ধার করা হয়। এলাকার প্রতিবেশীরা জানান, প্রবাসী লোকমান হোসেন একজন অত্যন্ত ভালো মানুষ এবং তিনি এলাকার সাধারণ মানুষের বিভিন্ন বিপদে-আপদে নিয়মিত দান-অনুদান দিয়ে আসছেন । এমন একজন পরোপকারী মানুষের ওপর বখাটে সবুজের হামলা এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সবুজকে গ্রেফতারের দাবি তোলেন তারা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত সর্বস্তরের নারী-পুরুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই বখাটে ও চাঁদাবাজ সবুজের কারণে এলাকার শান্তি বিনষ্ট হচ্ছে । তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ।


