চাঁদপুরে নতুন পুলিশ সুপারের যোগদান

স্টাফ রির্পোটার:

চাঁদপুর জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (২৯ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন তিনি। এ সময় বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন। পরে উভয় কর্মকর্তা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসান নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কাছে দাপ্তরিক দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারাও উপস্থিত থেকে নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চাঁদপুর জেলা পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার এবং জনগণকে আরও উন্নত পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে নবাগত পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশ কার্যক্রম পরিচালনা করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।