ইসহাক ইসলাম জায়ান
চাঁদপুরের মাছের আড়তে গত এক মাসে ইলিশের দাম কেজিপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত কমেছে। তবে দাম কিছুটা কমলেও সাধারণ ক্রেতাদের মধ্যে এখনো স্বস্তি ফেরেনি। ব্যবসায়ীরা বলছেন, নদীতে ইলিশের সরবরাহ আরও বাড়লে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।
চাঁদপুরের ঐতিহ্যবাহী বড় স্টেশন মাছঘাট ও বিভিন্ন আড়তে বর্তমানে ইলিশের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। এর প্রভাবে বাজারেও দামের কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা গেছে।
বর্তমানে ১ থেকে ২ কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ মাত্র এক মাস আগেও একই আকারের ইলিশের দাম ছিল ৩ হাজার থেকে ৩ হাজার ১০০ টাকা।
মাছ ব্যবসায়ীরা জানান, নদীতে ইলিশ ধরা কিছুটা বৃদ্ধি পাওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। ফলে দামে কিছুটা কমতি এসেছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় কাঙ্ক্ষিত পর্যায়ে দাম নামেনি।
ক্রেতাদের অভিযোগ, দাম কিছুটা কমলেও তা এখনো সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। ফলে অনেকেই ইচ্ছা থাকলেও পছন্দের ইলিশ কিনতে পারছেন না।
ব্যবসায়ীদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবং নদীতে ইলিশের সরবরাহ আরও বৃদ্ধি পেলে আগামী দিনগুলোতে দাম আরও কমবে। এতে দেশের জনপ্রিয় এই মাছ সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে এবং বাজারে ক্রেতাদের স্বস্তি ফিরবে।


