চাঁদপুর থেকে কমলাপুর, সিলেট ও কক্সবাজার রুটে ট্রেন চালুর দাবি

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর থেকে ঢাকা (কমলাপুর), সিলেট এবং কক্সবাজার রুটে নতুন ট্রেন চালুর দাবিতে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এ লক্ষ্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি আবেদন পাঠিয়েছেন বলে জানা গেছে।

আবেদনে চাঁদপুর থেকে কমলাপুর ও সিলেট রুটে নতুন ট্রেন চালুর পাশাপাশি পূর্বে বন্ধ হয়ে যাওয়া ট্রেন পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে চাঁদপুর থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল চালুর প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, চাঁদপুরের সঙ্গে কক্সবাজারের সরাসরি রেল যোগাযোগ চালু হলে জেলার লাখো মানুষ উপকৃত হবেন। এতে পর্যটন খাতের বিকাশের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থারও উল্লেখযোগ্য উন্নয়ন হবে।

এছাড়া চাঁদপুর-কমলাপুর ও চাঁদপুর-সিলেট রুটে নতুন ট্রেন চালু হলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে চাঁদপুর বাসীর প্রত্যাশা, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের বিশ্বাস, সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরবাসীর দীর্ঘদিনের রেল যোগাযোগসংক্রান্ত দাবি পূরণ হবে এবং জেলার সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন বা ট্রেন চালুর কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।