স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে বর্ষাকে ঘিরে কবি কাজী নজরুল ইসলামের গান ও সৃষ্টিকে ধারণ করে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নজরুলসংগীতের মাধ্যমে কবির অসাম্প্রদায়িক চেতনা, প্রেম, প্রকৃতি ও মানবতার বার্তা তুলে ধরা হয়।
চাঁদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি স্থানীয় শিল্পীদের সঙ্গে নজরুলসংগীত পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।
অনুষ্ঠানের শুরুতে সম্মেলক দল পরিবেশন করে ‘অম্বরে মেঘে মৃদঙ্গ বাজে’। এরপর একে একে শিল্পী অনিরুদ্ধ গোস্বামী পরিবেশন করেন ‘ফিরিয়া এসো, এসো হে ফিরে’, সানজিদা আলম ‘জনম জনম গেল, আশা পথ চাহি’, নৃত্যধারা পরিবেশন করে ‘মেঘের ডমরু ঘন বাজে’ নৃত্য, প্রশিকা সরকার গেয়ে শোনান ‘অঝোর ধারায় বর্ষা ঝরে’, দীপা রায় পরিবেশন করেন ‘শাওন আসিল ফিরে’ এবং এম আর ইসলাম বাবু পরিবেশন করেন একক আবৃত্তি।
এছাড়া বাবুল চক্রবর্তী পরিবেশন করেন ‘বেদনা বিহ্বল, পাগল পরাণী পরনে’, নৃত্যকণ নৃত্যের মাধ্যমে উপস্থাপন করে ‘রিমিঝিম, রিমিঝিম; ঘনদেয়া বরষে’, রিয়া চক্রবর্তী গেয়ে শোনান ‘নিরুদ্দেশ মেঘে মেঘে অশন নমন’ এবং আহমেদ জিয়াউর রহমান পরিবেশন করেন ‘এসো হে সজল শ্যামঘন দেহা’। অনুষ্ঠানের সমাপনীতে সম্মিলক দল পরিবেশন করে ‘চঞ্চল শ্যামল এলো গগনে’।
শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। বর্ষার আবহে নজরুলের কালজয়ী সৃষ্টি নতুন মাত্রায় উপভোগ করেন সংস্কৃতিপ্রেমীরা।
অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুভূতি প্রকাশ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী এমএনএম জামিউল হিকমা, সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ প্রমুখ।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা শিল্পকলা একাডেমির সদস্য, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও নজরুলচর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


