স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের বাবুরহাট-পেন্নাই সড়কের আলেক্কার দোকান সংলগ্ন এলাকায় জৈনপুরী পরিবহনের একটি বাসের ধাক্কায় একটি সি এন জি খাদে পড়ে গিয়ে এক বৃদ্ধ নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা নুরুল আমিন (৭৫) বলে জানা গেছে।
আহতরা হলেন, চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার বাহেরপুর গ্রামের শাহ আলম (৫০), একই উপজেলার কাজিরগাঁও গ্রামের সিএনজি চালক রায়হান (৩০) এবং শরীফপুর গ্রামের কবির (৪০)। তাদের মধ্যে সিএনজি চালক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা ঢাকা মেট্রো-ব-৯১৮৭ নম্বরের জৈনপুরী পরিবহনের একটি বাস সিএনজিটিকে সজোরে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নুরুল আমিনকে মৃত ঘোষণা করা হয় এবং আহতদের চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি শহরের বাবুরহাট-পেন্নাই সড়কের আলেক্কার দোকান সংলগ্ন এলাকায় ঘটে। দুর্ঘটনার সময় জৈনপুরী পরিবহনের বাসটি চাঁদপুরের দিকে এবং সিএনজিটি মতলবের দিকে যাচ্ছিল।
স্থানীয়দের অভিযোগ, জৈনপুরী পরিবহনের অনেক বাসের রোড পারমিট নেই এবং এসব বাস ছোট যানবাহনের সঙ্গে ঝুঁকিপূর্ণভাবে দ্রুতগতিতে চলাচল করে প্রায়ই দুর্ঘটনা ঘটায়। তারা অভিযোগ করেন, বারবার এমন ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
এ ঘটনায় এলাকাবাসী জৈনপুরী পরিবহনের বেপরোয়া চলাচল বন্ধ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন।


