স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন করইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম মৃধা, প্রফেসর নওশের আলম, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরিক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু, প্রবাসী নেতা ইউসুফ হোসেন ও পৌর ছাত্রদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম জাহিদসহ অন্যরা।
সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও নিরাপদ শিক্ষার পরিবেশ সৃষ্টি, শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। তিনি বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


