রায়শ্রী উনকিলা বাজারে মাদকবিরোধী র‌্যালি

স্টাফ রিপোর্টার:

শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা বাজারে মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা বাজারে সচেতনতামূলক সমাবেশ শেষে বাজারে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়।

মাদকবিরোধী সমাবেশে অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটনের সভাপতিত্বে ও ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মশু, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শাহজাহান, বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান।

উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমির হোসেন, ইউপি সদস্য আবুল কাশেম, উনকিলা পূর্বপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের, উনকিলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম, বিএনপি নেতা আব্দুল হান্নান পিন্টুসহ উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, থানার অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‌্যালিতে প্রায় ৪শ থেকে ৫শ জন অংশ নেন।

র‌্যালি ও উনকিলা বাজারে মাদকবিরোধী সচেতনতামূলক সভায় মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।