স্টাফ রিপোর্টার:
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চা বাড়াতে হবে এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও জাসাস জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরকার। সোমবার (৩১ আগস্ট) মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব ইসলামাবাদ সাবেক চেয়ারম্যান আল আমিনের বাড়ি সংলগ্ন মাঠে ইসলামাবাদ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত ‘বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-১ ম রাউন্ডের ২য় ম্যাচের উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবে। তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে।
ইসলামবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, মো. আরিফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নাছির উদ্দীন মোল্লা, সাবেক ইউপি সদস্য দুলাল দর্জি, সাবেক ইউপি সদস্য আজহারুল হক ঝারুন, মনির হোসেন প্রধান, আলাউদ্দিন প্রধান, চাঁন মিয়া দর্জি, রবিউল বেপাড়ী, ফখরুদ্দিন সরকার, ছাত্রনেতা রাসেল দর্জি, লিমন দর্জিসহ অনেকে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ম্যাচে হাজারো দর্শকের উপস্থিতিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


