হাইমচরে গাঁজা-ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের হাইমচরে পৃথক অভিযানে ২০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ। একই অভিযানে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার অভিযোগে আরও একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

রাত ৮টা ১৫ মিনিটের দিকে হাইমচর থানার এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ নয়ানী লক্ষীপুরস্থ বাংলা বাজারে জাহাঙ্গীরের আড়তের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে জয়নাল আবেদীন জুয়েল (৩০) নামে এক যুবককে আটক করেন। এ সময় তার কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জয়নাল চাঁদপুর সদর উপজেলার বাখরপুর এলাকার বাসিন্দা।

পরে রাত সাড়ে ১১টার দিকে এএসআই হান্নান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ পূর্ব চরকৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় হাইমচর মহাবিদ্যালয় থেকে খাঁ গো মোড়গামী সড়কের খলিফা বাড়ির সামনের কালভার্টের ওপর থেকে মোঃ তারেক বেপারী (১৯) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো কমলা রঙের ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে, একই রাতে হাইমচর থানার এএসআই (নিঃ) সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ পূর্ব চরকৃষ্ণপুরের বিসমিল্লাহ মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সাকিব হোসেন (২৩) নামে আরও একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করেন।

গ্রেপ্তার জয়নাল আবেদীন জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় হাইমচর থানায় মামলা হয়েছে। একই আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তারেক বেপারীর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে হাইমচর থানা পুলিশের অভিযান নিয়মিত ও কঠোরভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্দেহজনক কর্মকাণ্ডের বিরুদ্ধেও পুলিশ সতর্ক রয়েছে। হাইমচরকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।”

পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় রোববার (৬ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।