স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ট্রাক রোড এলাকায় অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন খাদ্যদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বাজারজাত করা খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রি এবং অনুমোদনবিহীন নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির অপরাধে মা মনিহারি স্টোরকে ৫ হাজার টাকা, আলবি প্যাকেজিং হাউজকে ৫ হাজার টাকা এবং আরা বিস্কুট হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় সোহেল সাজ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে।
অভিযানকালে মেয়াদবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়। একই সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।
অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে হাজীগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।


