আন্দোলনের মুখে ২ঘন্টা বন্ধ চাঁদপুর সেতুর টোল আদায়

শামীম হাসান , ফরিদগঞ্জ, চাঁদপুর, প্রতিনিধি :
চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনসাধারণ। এসময় বিক্ষোভকারীদের চাপে প্রায় ৩ ঘন্টা টোল আদায় বন্ধ রাখতে বাধ্য হয় টোল আদায়কারি প্রতিষ্ঠান।
শনিবার (৬ জুলাই) সকালে ফরিদগঞ্জ, রায়পুর, রামগঞ্জ ও চাঁদপুরের সদরের একটি অংশের শ্রমিক জনতা ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচী পালন করে জনসাধারণ। জানা যায়, ডাকাতিয়া নদীর উপর চাঁদপুর সেতুর টোল গত ১৯ বছর যাবত আদায় করছে কর্তৃপক্ষ। জনসাধারণ বারংবার টোল আদায় বন্ধের দাবী জানালেও গত ১ জুলাই থেকে আরো তিন বছরের জন্য ইজাড়া দেয় কর্তৃপক্ষ।   বিপুল সংখ্যক বিক্ষুব্ধ জনসাধারণ বিক্ষোভ মিছিল নিয়ে চাঁদপুর সেতুর টোল আদায় স্থানে অবস্থান নেয়। একপর্যায়ে জনসাধারণের চাপের মুখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টোল আদায় বন্ধ রাখতে বাধ্য হয়  ঠিকাদারী প্রতিষ্ঠান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী, মাও. জাকির হোসেন হিরু, ডাঃ কাউয়ুম খান,  শ্রমিক লীগ নেতা হানিফ কাজী, নাছিল গাজী, মো: আকরাম হোসেন, নাজির হোসেন, সবুজ হোসেন, মাসুদ হোসেন প্রমুখ।
বক্তারা টোল আদায় বন্ধ না হলে ভবিষ্যতে অবরোধসহ কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়। এ দিকে আন্দোলনের শেষ হওয়ার কিছুক্ষন পরই টোল আদায় শুরু করে টোলের ইজাড়াদারী প্রতিষ্ঠান।