স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ১৫৭ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি এবং তিন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) চাঁদপুর জেলা পুলিশ মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় থানা পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে চরমান্দারী এলাকার বর্ডার বাজারে চাঁদপুর-রায়পুর মহাসড়কের পশ্চিম পাশে মানিকের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে গাব্দেরগাঁও গ্রামের কামরুল ইসলাম (৪৫)-কে ১৪৭ পিস ইয়াবাসহ আটক করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
একই দিনে ভাটিয়ালপুর চৌরাস্তা থেকে নয়ারহাট সড়কের পাশে সুমনের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ভাটিয়ালপুর এলাকার নিজাম উদ্দিন শাওন (১৯) ও মো. আরমান খান (২৩)-কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে পৃথক অভিযানে এসআই মো. রাকিবুল হাসান, এসআই আতাউর রাব্বী ও এএসআই মো. আনোয়ার জাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত তিন আসামি— মো. আনোয়ার হোসেন (৪২), সাইদুর রহমান এবং মাইন উদ্দিন খানকে গ্রেপ্তার করেন। পরে তাদেরও আদালতে পাঠানো হয়।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


