স্টাফ রিপোর্টার:
সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করা আ. ছাত্তার খান ফাউন্ডেশন সরকারি নিবন্ধন লাভ করেছে। দীর্ঘদিনের সমাজসেবামূলক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ নিবন্ধনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
শনিবার (২৬ জুলাই) বিকেলে জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নজরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলম খান মঞ্জু ও যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়ান খন্দকারের হাতে আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন সনদ তুলে দেন।
প্রতিষ্ঠালগ্ন থেকেই আ. ছাত্তার খান ফাউন্ডেশন নীরবে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের উদ্যোগে অন্ধ কোরআনের হাফেজদের আর্থিক ও শিক্ষা সহায়তা, মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষের চিকিৎসা ও সেবাদান, পরিচয়হীন ও অসহায় মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং বিভিন্ন দুর্যোগে ত্রাণ সহায়তাসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলম খান মঞ্জু বলেন, “সরকারি নিবন্ধন পাওয়ার মাধ্যমে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা চাই সমাজের অবহেলিত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আরও সুসংগঠিতভাবে দাঁড়াতে। সকলের সহযোগিতা পেলে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।” তিনি এ সময় শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি সব সময় ভালো কাজে সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে আসছেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে এতিম, প্রতিবন্ধী, অসহায় নারী, দরিদ্র শিক্ষার্থী এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নতুন নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সরকারি নিবন্ধন প্রদানের জন্য জেলা সমাজসেবা কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের মানবসেবামূলক এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


