স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাহবুব আলম বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
রোববার (২৬ জুলাই) জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত রাতে রাত ১টা ৩০ মিনিটে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব আলম বাবু ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় শেখ ফরিদ আহমেদ মানিক ও অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, মাহবুব আলম বাবু ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ নেতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনের প্রতি তিনি ছিলেন গভীরভাবে অনুগত। এছাড়া বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, মাহবুব আলম বাবুর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপি একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।


