কচুয়া পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার

কচুয়ায় পৌরসভার ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে এ অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ উপজেলার বিভিন্ন দফতরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশা নিধন নয়, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিস্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে নাগরিকদের আরও সচেতন হতে হবে। পৌর এলাকার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পৌর প্রশাসক অমিত রায় জানান, শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য পৌরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবন ও অন্যান্য স্থানে যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে।