ডেট্রয়েটে প্রকৌশলী-স্থপতিদের সম্মেলনে ড. সবুর খান

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে অনুষ্ঠিত ‘আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস’ (AABEA)-এর ২০২৬ সালের দ্বিবার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে অংশ নিয়েছেন ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

২৫ থেকে ২৭ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশি প্রকৌশলী, স্থপতি, কম্পিউটার বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীরা অংশ নেন। পেশাগত মতবিনিময়, নেটওয়ার্কিং এবং বাংলাদেশের উন্নয়নে প্রবাসী পেশাজীবীদের অবদান রাখার সুযোগ নিয়ে আলোচনা হয় সম্মেলনে।

‘বাংলাদেশের জন্য জনহিতকর কার্যক্রম, শিক্ষা ও সামাজিক প্রভাব’ শীর্ষক বক্তব্যে ড. সবুর খান জনহিতকর কার্যক্রমকে স্বল্পমেয়াদি সহায়তার মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরির উদ্যোগে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মেন্টরশিপ ও সুযোগের প্রাপ্যতাকে টেকসই সামাজিক প্রভাব সৃষ্টির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তুলে ধরেন।

তিনি বিশ্ববিদ্যালয়, কমিউনিটি, শিল্পখাত ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পেশাজীবীদের আর্থিক সহায়তার পাশাপাশি মেন্টরশিপ, কারিগরি দক্ষতা, প্রকল্প নির্দেশনা, পেশাগত নেটওয়ার্ক এবং কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

ড. সবুর খান সামাজিক প্রভাব পরিমাপের ক্ষেত্রে শিক্ষার অগ্রগতি, জীবিকার মানোন্নয়ন, কমিউনিটির অংশগ্রহণ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বের মতো দৃশ্যমান ফলাফল বিবেচনার কথা বলেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ব্যবহারের ওপরও গুরুত্ব দেন। মানুষের তদারকি, গোপনীয়তা ও জবাবদিহিতা নিশ্চিত করে কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার কথা তুলে ধরেন তিনি।

বক্তব্যের শেষে বাংলাদেশ ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি পেশাজীবীদের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান ড. সবুর খান। তিনি এমন একটি পরিবেশ তৈরিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন, যেখানে পরিস্থিতি নির্বিশেষে মেধার বিকাশের সুযোগ সৃষ্টি হয়।