মোঃ জামাল হোসেন, স্টাফ রিপোর্টার, শাহরাস্তি :
চাঁদপুরের শাহরাস্তিতে সড়কের শৃঙ্খলা এবং যানজট সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে ও নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ৬টি দোকানিকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দোয়াভাঙ্গা সূচিপাড়া সড়কের পৌর শহরের ঠাকুর ও কালিবাড়ি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই সড়কের রাস্তার উপর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের অতিরিক্ত মালামাল ও দোকানের নামে স্ট্যান্ড সাইনবোর্ড সাঁটিয়ে আসছিলেন। যেটি প্রশাসনের তরফ থেকে বারংবার নিষেধ করা শর্তেও আইনের বিধান লঙ্ঘিত হচ্ছে বিধায় এ অভিযান পরিচালনা করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।
এ সময় অভিযুক্ত দোকানিদের দন্ডবিধি, ১৮৬০, সড়ক পরিবহন আইন, ২০১৮, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০ অনুযায়ী আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।


