প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতায় লাগাম

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে নতুন করে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের
পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে।

স্থানীয় সময় গতকাল বুধবার প্রতিনিধি পরিষদে বিলটি ২১৫–২০৮ ভোটের ব্যবধানে পাস হয়। এই ভোটাভুটিতে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির চারজন সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে সুর মিলিয়ে বিলটির পক্ষে ভোট দিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়। এরপর থেকেই হোয়াইট হাউসের যুদ্ধ ঘোষণার একক ক্ষমতায় লাগাম টানতে তৎপর হয়ে ওঠেন মার্কিন আইনপ্রণেতারা। প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে নেওয়া এটি চতুর্থবারের মতো প্রচেষ্টা।

বিলটি পাসের মাধ্যমে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাত আরও বাড়ার আশঙ্কা থেকে প্রশাসনকে বিরত রাখার একটি বড় আইনি চাপ তৈরি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।