ড্যাফোডিলে শেষ হলো ডিআইইউ সাসটেইনেবিলিটি উইক-২০২৬

প্রেস বিজ্ঞপ্তি

শিল্প-একাডেমিয়া সমন্বয় জোরদার, টেকসই অর্থনীতি গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের আহ্বানের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী ‘ডিআইইউ সাসটেইনেবিলিটি উইক-২০২৬’। বুধবার (১৪ অক্টোবর) সাসটেইনেবিলিটি ডে উদ্যাপনের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

সমাপনী দিনে উচ্চপর্যায়ের দুটি পলিসি ডায়ালগ, বৈশ্বিক বিষয়ভিত্তিক র‌্যাংকিং-এ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভাগীয় সম্মাননা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে সকাল ৯টায় উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ।

অনুষ্ঠানে ‘সাসটেইনেবল ইকোনমির জন্য সরকারের প্রস্তুতি: থ্রি-আর (৩-আর) স্ট্র্যাটেজি এবং এলডিসি গ্র্যাজুয়েশন ল্যান্ডস্কেপ’ শীর্ষক প্রথম পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বাংলাদেশে টেকসই অর্থনীতি প্রতিষ্ঠায় সাসটেইনেবিলিটিবিষয়ক জ্ঞান ও দক্ষতাসম্পন্ন জনবল তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

‘টেকসই উন্নয়নে শিল্প ও একাডেমিয়ার ভূমিকা: চ্যালেঞ্জ ও সমাধান’ শীর্ষক দ্বিতীয় পলিসি ডায়ালগে শিল্পখাতের বিশেষজ্ঞরা শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ব্যবধান কমানোর বিভিন্ন উপায় তুলে ধরেন। এ সময় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের পরিচালক বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী পণ্যের বাণিজ্যিকীকরণ, পেটেন্ট এবং উদ্ভাবনভিত্তিক কার্যক্রম সম্পর্কে বিশেষজ্ঞদের ধারণা দেন। বিশ্ববিদ্যালয়ের এসব প্রয়োগমুখী উদ্ভাবন দেখে শিল্পখাতের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিল্পখাতের বাস্তব সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে বৈশ্বিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে কিউএস (ছঝ) ও টাইমস হায়ার এডুকেশন (ঞঐঊ) গ্লোবাল সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ে অবদানের জন্য ডিআইইউর সংশ্লিষ্ট বিভাগগুলোকে বিশেষ বিভাগীয় সম্মাননা প্রদান করা হয়।

গ্র্যান্ড অ্যাওয়ার্ড ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রিন্সিপাল এসডিজি কো-অর্ডিনেটর প্রফেসর ড. এস. এম. আব্দুল আউয়াল। বক্তব্যে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেকসই উন্নয়নবিষয়ক উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মধ্যে এসডিজির গুরুত্ব তুলে ধরেন। তিনি সাসটেইনেবিলিটি উইককে বাংলাদেশের একটি অনন্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে, বিশেষ করে সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংয়ে ড্যাফোডিলের অর্জনকে দেশের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ সফল করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্লোভাক ইউনিভার্সিটি অব টেকনোলজির লুসিয়া মিয়াডোকোভা। সমাপনী পর্বে সপ্তাহব্যাপী আয়োজিত সাসটেইনেবল প্রজেক্ট কম্পিটিশন, সোশ্যাল বিজনেস এক্সপোজার প্রোগ্রাম (এসবিইপি) এবং এসডিজি ইয়ুথ ডায়ালগের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া আয়োজন সফল করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও ক্লাবগুলোকে টোকেন অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করা হয়।

শিল্প-একাডেমিয়া সমন্বয়, উদ্ভাবন এবং এসডিজি বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে পাঁচ দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।